বরাক তরঙ্গ, ২৭ জুন : কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভূইয়া পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৭ জুন জারি করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব পঞ্চমী চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ বড়ভূইয়াসহ মোট ১২ জন স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি লাভ করেছেন।
ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভূইয়া ১৯৮৯ সালের ৭ এপ্রিল কাছাড় জেলার হরিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কালাইন ও বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সিনিয়র মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে শিলচর সদর মহকুমা মেডিক্যাল অফিসার এবং কাছাড় জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভুইয়ার পদোন্নতিতে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



