পুকুরে পড়ে দুই বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : শনিবার ঘিলামরায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রায় দুই বছরের এক শিশুকন্যা। ঘিলামরা থানার অন্তর্গত ফুকনগাঁও গ্রামের বাসিন্দা রাজীব চুতীয়া (পিলপিলী) ও দীপশিখা চুতীয়ার একমাত্র কন্যা অনুস্মিতা চুতীয়া বাড়ির পাশের একটি পুকুরে পড়ে মৃত্যুবরণ করে।

জানা গেছে, শনিবার সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে অনুস্মিতা একাই বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরে পড়ে যায়।

দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৪৫ মিনিট পর পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঘিলামরা সামূহিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের অর্থ বোঝার আগেই নিষ্পাপ শিশুটির অকালপ্রয়াণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে, ঘিলামরা পুলিশ একটি মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। শিশুটির বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত চুতীয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকার বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *