কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে মহাম্মদপুরের সাত পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : হাইলাকান্দি জেলার মহাম্মদপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রবল জলস্রোতে প্রতিদিনই নদীর পাড় ভাঙতে থাকায় তীরবর্তী অন্তত সাতটি পরিবার বিপদের মুখে পড়েছে। এর মধ্যে তিনটি পরিবারের বসতবাড়ি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে কাটাখাল নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ধীরে ধীরে ভাঙন জনবসতির দিকে এগিয়ে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। যেকোনও মুহূর্তে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই রাতের ঘুম হারিয়েছেন। ভাঙনের কবলে থাকা পরিবারগুলোর দাবি, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। মহাম্মদপুরের পাশাপাশি কৃষ্ণপুর ও সাহাবাদ এলাকার বিস্তীর্ণ অংশেও ভাঙনের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সবচেয়ে ঝুঁকিতে থাকা তিনটি পরিবারের সদস্যরা জানান, নদীর পাড় যেভাবে বাড়ির দিকে এগিয়ে আসছে, তাতে শেষ মুহূর্তে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সুযোগও নাও মিলতে পারে। তাই প্রশাসনের কাছে দ্রুত বিকল্প জমির ব্যবস্থা করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পরিবর্তে কাটাখাল নদীর পাড় সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
এখন ভাঙনকবলিত পরিবারগুলোকে রক্ষা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন মহাম্মদপুর, কৃষ্ণপুর ও সাহাবাদ এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *