অনির্দিষ্টকালের ধর্মঘটে খাসি-জৈন্তিয়া ঘাটতি স্কুলের শিক্ষকরা, শিক্ষা দফতরের চিঠিতে সমাধানের ইঙ্গিত না মেলায় ক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : শিক্ষা দফতরের সর্বশেষ চিঠিকে গত ৮ অক্টোবরের চিঠিরই পরিমার্জিত সংস্করণ বলে অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করল খাসি-জৈন্তিয়া ডেফিসিট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন (KJDSTA)। শিক্ষক সংগঠনের দাবি, নতুন চিঠিতেও তাঁদের সমস্যার কোনও বাস্তবসম্মত সমাধানের কথা উল্লেখ করা হয়নি। বুধবার শিলঙের অসমিয়া সেকেন্ডারি স্কুলে ধর্মঘটের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি বসওয়েল পাল বলেন, গত রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষা দফতরের পাঠানো চিঠিটি পাওয়ার পর শিক্ষকরা অনেক আশা নিয়ে সেটি খুলেছিলেন। কিন্তু চিঠির বিষয়বস্তু দেখে তাঁরা চরম হতাশ হন।
বসওয়েল পাল বলেন, “আজ আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন। গত রাতে শিক্ষা দফতরের একটি চিঠি হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম। আশা ও আগ্রহ নিয়ে চিঠিটি খুললেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “দেখা গেল, এটি আসলে ২০২৬ সালের ৮ অক্টোবর শিক্ষা দফতরের পাঠানো চিঠিরই পুনরাবৃত্তি। যদিও হুবহু একই নয়, কিছু পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে। আমাদের আলটিমেটামে যেভাবে পয়েন্ট ধরে দাবি জানানো হয়েছিল, চিঠিতেও সেভাবেই বিষয়গুলি সাজানো হয়েছে। কিন্তু মূল সমস্যার কোনও সমাধান নেই।”। মহার্ঘ ভাতা (DA) এবং বকেয়া মহার্ঘ ভাতা প্রসঙ্গে সংগঠনের সভাপতি বলেন, সরকার এখনও ‘প্রক্রিয়াধীন’ (Under Process) কথাটির আড়ালে বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

তাঁর কথায়, “২০২৬ সালের ৮ অক্টোবরের চিঠিতে জানানো হয়েছিল, পুজোর ছুটির আগেই ডিএ এবং ডিএ-র বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তখনও বলা হয়েছিল বিষয়টি প্রক্রিয়াধীন। অথচ এবারও একই কথা বলা হচ্ছে। আমরা জানতে চাই, এই প্রক্রিয়া সম্পন্ন হতে আর কত সময় লাগবে? আর্থিক প্রভাব খতিয়ে দেখতেই বা কতদিন সময় প্রয়োজন?”

অন্যদিকে, সেন্ট্রালাইজড প্রভিডেন্ট ফান্ড (CPF) প্রকল্প নিয়েও শিক্ষা দফতরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন বসওয়েল পাল। তাঁর অভিযোগ, সরকার ও শিক্ষক সংগঠনের মধ্যে আলোচনার ভিত্তিতে ২০২৩ সালে যে প্রকল্পে সম্মতি হয়েছিল, শিক্ষা দফতর এখন সেই প্রকল্পকেই কার্যত ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, ১৯৬৯ সালের আইন অনুযায়ী একটি নির্দিষ্ট প্রকল্প থাকা প্রয়োজন বলে সরকার নিজেই আদালতে জানিয়েছিল। অথচ বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে ২০২৩ সালে সম্মত হওয়া CPF প্রকল্পটি বাতিল বা দুর্বল করার চেষ্টা চলছে বলে তাঁদের আশঙ্কা।

শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণ এবং সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *