গ্রুপের শীর্ষস্থানে নেদারল্যান্ডস

Spread the news

২৬ জুন : বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রাখল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের ভিত গড়ে তোলে ডাচরা। শেষ পর্যন্ত তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। শুক্রবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। ম্যাচের তৃতীয় মিনিটেই ডেনজেল ডুমফ্রিসের বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি। মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। কাছ থেকে বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধজুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নেদারল্যান্ডসের দখলে। তবে বিরতির পর ৫৪তম মিনিটে কর্নার কিক থেকে হেজেম মাস্তুরি হেডে গোল করে তিউনিসিয়াকে কিছুটা আশা দেখান। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৬২ মিনিটে আরেকটি কর্নার থেকে ইয়ান পল ভ্যান হেকে হেডে গোল করে নেদারল্যান্ডসের দুই গোলের ব্যবধান পুনরুদ্ধার করেন। এরপর আর কোনো বিপদ না ঘটিয়ে সহজেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ডাচরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *