পাথারকান্দিতে ‘খেল মহারণ ৩.০’-এর সূচনা, উৎসাহ-উদ্দীপনায় মাতল মুণ্ডমালা মাঠ

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর: গ্রামীণ ক্রীড়া প্রতিভার বিকাশ এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে পাথারকান্দিতে শুরু হলো রাজ্য সরকারের জনপ্রিয় ক্রীড়া উদ্যোগ ‘খেল মহারণ ৩.০’-এর গ্রাম পঞ্চায়েত পর্যায়ের প্রতিযোগিতা। মঙ্গলবার পাথারকান্দির মুন্ডমালা খেলার মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন পাথারকান্দি সমজেলার সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে ‘খেল মহারণ’ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বলেও তিনি উল্লেখ করেন।

এদিন কানাইনগর ও পাথারকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন দলের মধ্যে একাধিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। পাশাপাশি খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান অসংখ্য দর্শক।

আয়োজকদের মতে, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাঁরা সুযোগের অভাবে নিজেদের দক্ষতা বিকাশের মঞ্চ পান না। এই উদ্যোগের মাধ্যমে তাঁদের চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

পাশাপাশি যুবসমাজকে নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সব মিলিয়ে মুন্ডমালা মাঠে ‘খেল মহারণ ৩.০’-এর সূচনা পাথারকান্দির গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *