দিল্লিতে সোনম ওয়াংচুকের অনশন ঘিরে এআইডিএসও–এআইডিওয়াইও-র যৌথ বিক্ষোভ ধোয়ারবন্দে

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : দিল্লিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক ও ছাত্রনেতাদের চলমান অনশন আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের অভিযোগের প্রতিবাদে রবিবার ধোয়ারবন্দ বাজারে যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)।

সংগঠনগুলির দাবি, অনশনরত সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারী ছাত্রনেতাদের পুলিশ জোরপূর্বক সরিয়ে দিয়ে আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করেছে। এর প্রতিবাদে বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালীন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এআইডিওয়াইও-র জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২১ দিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে চলা অনশন কর্মসূচির দাবি বিবেচনা করার পরিবর্তে আন্দোলন দমনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি আন্দোলনকারীদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভকারীরা নিট-ইউজি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিলুপ্তির দাবিও জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-র জেলা সভাপতি দিলীপ কুমার রী, সংগঠনের নেতা দিলীপ কালোয়ার, সুজিত আকুড়াসহ অন্যান্য সদস্য ও সমর্থকরা। এআইডিএসও-র জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্যও বিক্ষোভে অংশ নেন। কর্মসূচির শেষে সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-যুব সমাজের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর পরিসরে সংগঠিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *