১২ দফা দাবিতে শিলচরে শ্রমিক-কৃষকদের আইন অমান্য আন্দোলন, বিক্ষোভে উত্তাল শহর

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট :
সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শিলচরেও ১২ দফা দাবিতে আইন অমান্য আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচিকে ঘিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক শ্রমিক ও কৃষক শিলচরের নরসিংটোলা ময়দানে জড়ো হন।

এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সুভাষ দেব, দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য, রেজামন্দ আলি বড়ভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী এবং শ্রমিক-কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, সরকারের নীতির ফলে শ্রমজীবী মানুষ ও কৃষকরা ক্রমশ আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

সমাবেশ শেষে শ্রমিক-কৃষকদের একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়নি।

আন্দোলনকারীদের ১২ দফা দাবির মধ্যে অন্যতম হল শ্রমকোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৬ হাজার টাকা নির্ধারণ, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা প্রদান এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি নিশ্চিত করা। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধ করার দাবিও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *