কৃষ্ণেন্দু পালের বাসভবনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামাপুজো, বরাকের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিশিষ্টজনদের সমাগম

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-নিষ্ঠা ও আন্তরিক আতিথেয়তার মধ্য দিয়ে উদযাপিত হলো অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নিজ বাসভবনের শ্যামাপুজো। পুজোকে কেন্দ্র করে সোমবার মন্ত্রীর বাসভবনে শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। ফলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এটি এক আন্তরিক সামাজিক মিলনমেলায় পরিণত হয়। রবিবার শ্যামাপুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সোমবার মন্ত্রীর বাসভবনে অতিথি আপ্যায়নের বিশেষ আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই বাসভবনে ছিল উৎসবের আমেজ। ধর্মীয় রীতিনীতি মেনে মা কালীর পূজা-অর্চনা, পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রার্থনায় অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং তাঁর পরিবারের সদস্যরা। মা কালীর চরণে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, রামকৃষ্ণনগরের বিধায়ক বিনায়ক বিজয় মালাকার এবং শ্রীভূমি জেলা বিজেপির প্রভারী তথা শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়াও কাছাড় ও হাইলাকান্দি জেলার বিজেপি নেতৃত্ব, বিভিন্ন বিধানসভা এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর আনন্দে শামিল হন।

পুজোর আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। একসঙ্গে আহার গ্রহণের পাশাপাশি বিভিন্ন জেলার রাজনৈতিক ও সামাজিক মহলের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

এদিকে, শ্যামাপুজো উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মা কালীর অপার আশীর্বাদে তাঁর বাসভবনে এবারের শ্যামাপুজো অত্যন্ত আনন্দ, ভক্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তাঁর আমন্ত্রণে শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার জনপ্রতিনিধি, জেলা আয়ুক্ত, রাজনৈতিক নেতৃত্ব, দলীয় সহকর্মী, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি এই পুণ্যলগ্নকে আরও স্মরণীয় করে তুলেছে।
তিনি আরও বলেন, অতিথিদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। তাঁদের আন্তরিকতা ও ভালোবাসা পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। মা কালীর কাছে তাঁর প্রার্থনা, সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, শক্তি ও সমৃদ্ধি বিরাজ করুক এবং সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও মজবুত হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *