বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব হাইলাকান্দি গ্রিন সিটির সহযোগিতায় হাইলাকান্দি জেলা কারাগারে এক প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কর্মসূচির সূচনা করা হয়।

কর্মসূচির অঙ্গ হিসেবে কারাগারের আবাসিকদের শিক্ষার প্রয়োজন মেটাতে ২০টি বই, ২০টি কলম এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। এদিন হাইলাকান্দি রোটারি ক্লাবের সভাপতি কামাল চৌধুরী এবং রোটারেক্ট ক্লাব অব হাইলাকান্দি গ্রিন সিটির সভাপতি লক্ষ্মণ দাস সামগ্রীগুলি জেল সুপারের হাতে তুলে দেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল কারাগারের আবাসিকদের মধ্যে সাক্ষরতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাঁদের জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা। শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজের মূলস্রোতে তাঁদের অর্থবহ পুনর্বাসনের পথ সুগম করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই উদ্যোগ কারাগারের আবাসিকদের মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। প্রসঙ্গত এখন জেলের বন্দী দের মধ্যে শুরু হয়েছে শিক্ষা গ্রহনের প্রবনতা।



