অসম সাহিত্য সভার উপসভাপতি ও প্রধান সম্পাদক পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : অসম সাহিত্য সভার ২০২৭-২০২৯ কার্যকালীন নির্বাচনে উপসভাপতি ও প্রধান সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপসভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপিন চন্দ্র কলিতা, বিপুল শর্মা বরুয়া, যাদবচন্দ্র শর্মা এবং প্রফুল্ল বর্মন। অন্যদিকে, প্রধান সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ড. সঞ্জীব কুমার শর্মা, অজয় কুমার সিংহ, নয়নমণি চৌধুরী, চহির ভূঞা এবং মৃণালকুমার হাজরিকা।

নির্বাচন কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, গত ৯ ও ১০ নভেম্বর গুয়াহাটিতে অসম সাহিত্য সভার কার্যালয়ে নির্বাচন কমিটির কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, উপসভাপতি ও প্রধান সম্পাদক—এই দুই পদের জন্য নতুন করে আর কোনও মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১১ ও ১২ নভেম্বর দাখিল করা মনোনয়নপত্রগুলি যাচাই-বাছাই করা হবে। এরপরই নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *