কাছাড়ে জোরকদমে চলছে খেল মহারণ, ১৬২টি গ্রাম পঞ্চায়েত ও চার পুরসভায় ক্রীড়া প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : গ্রাম থেকে শহর, সর্বত্রই এখন ক্রীড়া উৎসবের আবহ। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তৃণমূল স্তরে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যে কাছাড় জেলাজুড়ে জোরকদমে চলছে ‘খেল মহারণ ৩.০’। জেলার ১৬২টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি পুরসভা এলাকায় একযোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় গ্রামীণ ও শহরাঞ্চলের তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

গত ৭ নভেম্বর কাছাড় জেলায় এই ক্রীড়া কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন খেল মহারণ ৩.০-র ব্রাঞ্চ অফিসার তথা সহকারী আয়ুক্ত মাসি টোপনো এবং কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম।

পাশাপাশি প্রতিযোগিতাগুলিকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। জেলা আয়ুক্ত মনোনীত একজন আধিকারিক এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক, স্থানীয় ক্রীড়া ক্লাবের সভাপতি ও সম্পাদক, গ্রাম পঞ্চায়েত সচিব, শারীরশিক্ষার প্রশিক্ষক, কোচ, গ্রাম সেবক এবং সহকারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্য থেকে একজন পুরুষ ও একজন মহিলা প্রতিনিধিকেও কমিটিতে রাখা হয়েছে।

খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দিকেও বিশেষ নজর দিয়েছে জেলা প্রশাসন। প্রতিটি প্রতিযোগিতাস্থলে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকসহ মেডিক্যাল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। খেল মহারণ ইতিমধ্যেই গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরে প্রতিভা তুলে ধরার পথ প্রশস্ত হচ্ছে।

জেলাজুড়ে প্রতিযোগিতা অব্যাহত থাকায় খেল মহারণ ৩.০ ঘিরে কাছাড়ের ক্রীড়ামহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও নিজেদের যোগ্যতা প্রমাণের এই সুযোগ ভবিষ্যতে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *