ছয় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই পূর্ণ উদ্যমে প্রশাসনিক কাজে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার একাধিক বিভাগীয় বৈঠকে অংশ নেওয়ার পর শুক্রবার প্রায় ছয় ঘণ্টাব্যাপী সময় ধরে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের কাজকর্ম এবং “বিকশিত অসম” গঠনের উন্নয়নমূলক পদক্ষেপে নতুন গতি আনতেই মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার ওপর জোর দেন। খাদ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে উপভোক্তাদের আধার সংযুক্তিকরণ ও e-KYC প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ডাল, চিনি ও লবণ বিতরণ ব্যবস্থা আরও গতিশীল করা এবং খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়া শক্তিশালী করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের বর্তমান পরিস্থিতিও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের ধান ক্রয় প্রক্রিয়াকে কৃষকদের জন্য আরও সহজ ও সুবিধাজনক করার পরামর্শ দেন। রাজ্যের অন্নদাতারা যাতে তাঁদের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে চলতি মরসুমেও ধান ক্রয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, অর্থ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারের মুখ্য ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। আসন্ন বাজেট অধিবেশনের আগে রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

একই দিনে লোকনির্মাণ বিভাগের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। তিনি লোকনির্মাণ (পথ) বিভাগের কাজকর্ম পর্যালোচনা করে রাজ্যের উন্নয়নের গতি বাড়াতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অসমমালা সহ বিভিন্ন প্রকল্পের অধীনে চলমান ও নতুন রাস্তা এবং সেতু নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি অসমমালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে রাস্তা ও সেতু নির্মাণে গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এনডিএ ৩.০ সরকারের কাজ পূর্ণগতিতে শুরু হওয়ার এই সময়ে সব বিভাগের আধিকারিকরা সরকারি প্রকল্প ও পরিকল্পনার বাস্তবায়ন আরও দ্রুততর করবেন, যাতে জনসাধারণের আস্থাকে মর্যাদা দিয়ে “নতুন অসম” গঠনের লক্ষ্য সফল করা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তিনটি প্রধান বিদ্যুৎ বিতরণ সংস্থাকে কঠোর নির্দেশ দেন তিনি। এছাড়া মা কামাখ্যা করিডর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং “অ্যাডভান্টেজ অসম ২.০” বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *