মালুয়ায় সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, গলায় ঢুকে যায় বাউন্ডারি ওয়ালের রড

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : সুপারি গাছ থেকে পড়ে বাউন্ডারি ওয়ালের বেরিয়ে থাকা রড গলায় ঢুকে মর্মান্তিক মৃত্যু হলো ১৪ বছরের এক স্কুলছাত্রের। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালুয়া এলাকায়। মৃত কিশোরের নাম রুজাইল আহমদ। সে মালুয়ার বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে এবং মালুয়া এমই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা রুজাইলকে স্কুলে যেতে বলেছিলেন। কিন্তু সবার অজান্তে সে একই গ্রামের নিপেন্দ্র নামের এক ব্যক্তির বাড়িতে সুপারি পাড়তে যায়। সেখানে গাছে ওঠার পর আচমকাই গাছের একটি অংশ ভেঙে গেলে নিচে পড়ে যায় সে। দুর্ভাগ্যবশত, বাড়ির পাশের সীমানার দেওয়ালে বেরিয়ে থাকা একটি রড তার গলায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রুজাইলকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সন্তানের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান বহু স্থানীয় বাসিন্দা।

এদিকে, খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে মৃতদেহটি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *