মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ধর্মীয় নিষ্ঠা, আস্থা ও ভক্তির আবহে পাথারকান্দির বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ছট পূজা। উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় বিরাজ করছে আনন্দ ও উৎসাহের পরিবেশ। চার দিনব্যাপী এই ব্রত গত শুক্রবার ‘নহায়-খায়’ পর্বের মধ্য দিয়ে শুরু হয়। শনিবার পালিত হয় ‘খরনা’ ও ‘নেওতা’ পর্ব। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পূজার অন্যতম প্রধান আকর্ষণ ‘সন্ধ্যা অর্ঘ্য’। সোমবার ভোরে উদীয়মান সূর্যদেবকে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হবে ব্রত। রবিবার বিকেল থেকেই পাথারকান্দির প্রায় কুড়িটি নদী ও জলাশয়ের ঘাটে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে। জলাশয়ের জলে দাঁড়িয়ে ফলমূল, ঠেকুয়া ও বিভিন্ন উপাচারে সাজানো ডালি হাতে অস্তগামী সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন ব্রতধারীরা। ধূপ-দীপ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে ঘাটগুলি। বিশেষ করে সলগই ঘাটে সন্ধ্যা অর্ঘ্যকে কেন্দ্র করে বিপুল জনসমাগম পরিলক্ষিত হয়।
পূজার সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে বিভিন্ন ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘাট নির্মাণ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেন পাথারকান্দির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। স্থানীয় প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ঘাটের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এদিন সলগই ঘাটে উপস্থিত জনপ্রতিনিধিরা পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন গোলাপচান্দ কানু, ভারতচন্দ্র যাদব, বিন্দ্যাচল কানু, সম্পা রানি চৌধুরী ও ধ্রুব চক্রবর্তী। তাঁরা মন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারি কাজে ব্যস্ত থাকায় মন্ত্রী নিজে উপস্থিত হতে পারেননি বলে তাঁর প্রতিনিধিরা জানান।

সলগই ছাড়াও ডেঙ্গারবন্দ, বৈঠাখাল, হাতিখিরা, চান্দখিরা, মেদলি, পুতনি, চাম্পাবাড়ি, ইচাবিল, তিলভূম, আদমটিলা, সোনাখিরা, লোয়াইরপোয়া-সহ বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ছট পূজা পালিত হচ্ছে। প্রশাসনিক সহযোগিতা ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় উৎসবের বিভিন্ন পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

সব মিলিয়ে ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও সম্প্রীতির অনন্য আবহে ছট পূজাকে ঘিরে আনন্দে মেতে উঠেছে গোটা পাথারকান্দি। সোমবার ভোরে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে চার দিনের এই পবিত্র ব্রতের পরিসমাপ্তি ঘটবে।



