১৫ নভেম্বর : ফের এনকাউন্টারের ঘটনা। পশ্চিমবঙ্গের বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন থানা এলাকার লায়েকবাজারে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে গুলি করার অপরাধে মূল অভিযুক্ত রতন শেখ পুলিশের পালটা গুলিতে প্রাণ হারিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, নানুরের চারকোল গ্রামের একটি নির্জন ইটভাটায় আত্মগোপন করে রয়েছে ওই অভিযুক্ত। সেখানে পুলিশ হানা দিলে বাহিনীকে লক্ষ্য করে সে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালালে গুরুতর জখম হয় রতন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
গত শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লায়েকবাজার এলাকায় অন্য একটি মামলার সূত্রে রতনকে ধরতে যায় পুলিশ। পালানোর ছক কষে সে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, যা তাঁর বাঁ পায়ে লাগে। আহত বিশ্বজিৎকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার ওই কনস্টেবলকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে।



