মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ মে : পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে শুক্রবার আয়োজিত ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন তিনি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ইউনিফর্ম তুলে দেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের লক্ষ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং বর্তমান প্রজন্মই আগামী দিনের সমাজ ও দেশ গড়ার মূল শক্তি। তিনি ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বেশি বেশি বৃক্ষরোপণেরও পরামর্শ দেন। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে সমতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার মানসিকতা গড়ে তুলতে সহায়ক। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য এই ধরনের কর্মসূচি অত্যন্ত উপকারী বলে মত প্রকাশ করেন তাঁরা। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক।



