বরাক তরঙ্গ, ১ মে : মিজোরাম ও মণিপুরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ একটি ট্রাকের ধাক্কায় তুইভাই (Tuivai) নদীর উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে মণিপুরের চুড়াচাঁদপুর জেলার থানলন থানার অন্তর্গত সিনজাওল গ্রামের কাছে, যা জাতীয় সড়ক ১০২বি (গুইটে রোড)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই সেতুটি মিজোরাম ও মণিপুরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেতু ভেঙে পড়ায় ওই অঞ্চলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালেও একই স্থানে ট্রাকের ধাক্কায় একটি বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুনরায় একই ধরনের দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ও পর্যালোচনা কাজ শুরু হয়েছে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।



