বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য অবিলম্বে লঙ্গরখানা চালু এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সান্তক গ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচির পর এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস বলেন, শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার লক্ষাধিক মানুষ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। এই বিপুল ক্ষতি সাধারণ মানুষের পক্ষে নিজেদের সামর্থ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তিনি বলেন, দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ অত্যন্ত জরুরি। সেই কারণে অবিলম্বে লঙ্গরখানা চালু অথবা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কেন্দ্র স্থাপন করে বাস্তুচ্যুত ও আশ্রয়হীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়াও, রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলের ত্রাণ তহবিলে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দ্রলেখা দাস।



