
যৌথ অভিযানে গ্রেফতার তিন; বাজেয়াপ্ত দুটি গাড়ি ও তিনটি মোবাইল ফোন
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), শিলচরের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে কাছাড় জেলার ধলাই বাজার থেকে ২০ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে জানানো হয়েছে। এই ঘটনাকে সিন্থেটিক মাদক পাচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আসাম রাইফেলসের সদর দফতর আইজিএআর (ইস্ট)-এর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার আসাম রাইফেলস ও ডিআরআই শিলচরের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন একটি মাদকবাহী চালান আটক করা হয় এবং এর পরিবহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

এরপর চালানো তল্লাশিতে ২০টি প্যাকেটে রাখা প্রায় ২০ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার হয়। পাশাপাশি তিনটি মোবাইল ফোন এবং দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া মাদকের চালানটি মিজোরাম থেকে আনা হয়েছিল। এরপর শিলচরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে দেশের মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ধৃত তিনজনকে উদ্ধার হওয়া মাদক এবং বাজেয়াপ্ত সামগ্রীসহ পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই শিলচরের হাতে তুলে দেওয়া হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ভুল গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত নজরদারি এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয়ের ফলেই এই বড়সড় সাফল্য সম্ভব হয়েছে।



