কাছাড়ে সফলভাবে সম্পন্ন ১৫ দিনের ইনপুট ডিলার প্রশিক্ষণ কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : কৃষি ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড়ে আয়োজিত ১৫ দিনের ইনপুট ডিলার প্রশিক্ষণ কর্মসূচি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা কৃষি বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগ, বিভিন্ন এনজিওর অভিজ্ঞ কর্মী এবং অভিজ্ঞ ইনপুট ডিলাররা সহযোগিতা করেন। প্রশিক্ষণ চলাকালীন কৃষি ও কৃষি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

জেলা কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী কৃষির বিভিন্ন শাখা, সরকারি কৃষি প্রকল্প, সার ব্যবসার লাইসেন্স এবং আইডি নম্বর সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

অন্যদিকে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ও প্রধান ড. সুরেশ চন্দ্র বিশ্বাস বৃষ্টির জল সংরক্ষণ, বরাক উপত্যকার ফসল ব্যবস্থাপনা এবং কীটনাশক প্রয়োগের সময় সুরক্ষামূলক পোশাক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেন। ডিমা হাসাওয়ের জেলা কৃষি উন্নয়ন আধিকারিক বামন তিমুং আগাছা শনাক্তকরণ, আগাছা নিয়ন্ত্রণ, আগাছানাশকের সঠিক ব্যবহার এবং সুসংহত আগাছা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির পাঠ্যক্রম ও বিভিন্ন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মাটি বিজ্ঞানের বিষয় বিশেষজ্ঞ অনীন্দিতা দাস। পাশাপাশি ড. হিমাংশু মিশ্র ও মনোরঞ্জন রায় কর্মসূচির সামগ্রিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ড. থমাস তায়ে, স্বাতি বিশ্বাস, হারলংভি তিমুং, নং ই তেরাং, প্রসঞ্জিত সিনহা এবং বেবি দাসও প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন লাইন বিভাগের বিশেষজ্ঞদের সম্মিলিত সহযোগিতায় কর্মসূচিটি ইতিবাচক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। এই প্রশিক্ষণ কৃষি উপকরণ ব্যবসায়ীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কৃষকদের সঠিক কৃষি পরামর্শ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *