মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে ইছাবিলে অনুষ্ঠিত হল জাতীয় স্তরের এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা। রবিবার বাজারীছড়া থানাধীন ইছাবিল গ্রাম পঞ্চায়েতের হরিমন্দিরস্থিত কমিউনিটি হলে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাজারীছড়া চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের পরিচালনায় এবং কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্টের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতা রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮২ জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের বয়সের ভিত্তিতে পাঁচটি পৃথক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুদে শিল্পীরা রং, রেখা ও কল্পনার সমন্বয়ে নিজেদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরে। প্রকৃতির সৌন্দর্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রাঙ্কনে তাদের দক্ষতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের ভারপ্রাপ্ত আর্ট ইন্সট্রাক্টর প্রদীপ দেবনাথ শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে শিশুদের স্ক্রিন টাইম কমিয়ে অ্যাক্টিভিটি টাইম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ছবি আঁকা ও শিল্পচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলে শিশুদের আত্মবিশ্বাস, মনোবল ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটে। পাশাপাশি ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার মানসিকতাও গড়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিবা পাল, বর্ণা দেব, রিঙ্কি কৈরী, লিপ্টু দাস প্রমুখ বিশেষ সহযোগিতা করেন। অভিভাবকদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। ইছাবিলের এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার প্রসার এবং স্থানীয় প্রতিভা বিকাশের ক্ষেত্রে এক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করেছে। আয়োজকদের এই প্রয়াস আগামী দিনেও শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।



