বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : শৈশবে যে শহর ছেড়ে পাড়ি দিয়েছিলেন সুদূর বেলজিয়ামে, ৩৫ বছর পর সেই জন্মশহর গুয়াহাটিতেই ফিরেছেন চন্দা। উদ্দেশ্য একটাই—হারিয়ে যাওয়া জন্মদাতা বাবা-মায়ের সন্ধান। স্বামীকে সঙ্গে নিয়ে উজানবাজার থেকে খারঘুলি, শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে এত বছর পর বাবা-মায়ের মুখ মনে নেই, জানা নেই তাঁদের সম্পূর্ণ পরিচয়ও। হাতে রয়েছে দত্তক নেওয়ার সময় তৈরি হওয়া কয়েকটি পুরনো নথি। সেই নথিতে উল্লেখিত দু’টি নামই এখন তাঁর অনুসন্ধানের একমাত্র অবলম্বন।
মাত্র ছয় বছর বয়সে একটি সংস্থার সহায়তায় চন্দাকে দত্তক নিয়ে বেলজিয়ামে পাঠানো হয়েছিল। সেখানেই কেটেছে তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা ও পরবর্তী জীবন। কিন্তু নিজের জন্মপরিচয় এবং জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা কখনও মুছে যায়নি। সেই টানেই এবার গুয়াহাটিতে ফিরে এসেছেন তিনি।
চন্দার ধারণা, গুয়াহাটির উজানবাজার অথবা খারঘুলি এলাকায় তাঁর জন্ম হয়েছিল। দত্তক সংক্রান্ত নথিতে বাবার নাম শন্দ্রিক রায় অথবা রে এবং মায়ের নাম ডলি লেখা রয়েছে। তবে মায়ের পদবি উল্লেখ নেই। বাবার নামের সঠিক বানান নিয়েও নিশ্চিত নন তিনি।
জন্মের সম্ভাব্য স্থান ধরে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন চন্দা ও তাঁর স্বামী। কিন্তু এখনও মেলেনি কোনও নির্ভরযোগ্য সূত্র।

এ অবস্থায় উজানবাজার ও খারঘুলির বাসিন্দাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। শন্দ্রিক রায় বা ডলি নামে কাউকে চিনলে কিংবা তাঁর জন্মপরিবার সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সহযোগিতার অনুরোধ করেছেন।
চন্দার কথায়, এখনও কোনও সাফল্য না এলেও গুয়াহাটির মানুষের সহযোগিতায় তিনি আশাবাদী। ৩৫ বছর পর শৈশবের শহরে ফিরে তাঁর একটাই প্রত্যাশা—কোনও সূত্র ধরে যেন পৌঁছতে পারেন জন্মদাতা বাবা-মায়ের কাছে।



