চান্দকিরায় শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে ‘আঙন কা উৎসব’ কর্মসূচিতে অংশ নিয়ে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার পাথারকান্দির চান্দকিরা মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের মধ্যে ফল বিতরণ এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
লোয়াইরপোয়া আইসিডিএস প্রকল্পের অধীন ৬৮ নম্বর চান্দকিরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের দায়িত্ব’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠী, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং স্থানীয় মহিলারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শৈশব থেকেই শিশুদের খাদ্যাভ্যাস ও পুষ্টির বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, টাটকা ফলমূল ও শাকসবজি রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

পাশাপাশি গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা ও কিশোরীদের পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয়ভাবে উৎপাদিত মরশুমি ফলমূল ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদর্শনের মাধ্যমে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, শিশুদের যথাযথ পুষ্টি নিশ্চিত করা শুধু পরিবারের নয়, গোটা সমাজের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুদের পরিচর্যা, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, জনসেবা, সুশাসন ও উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সংকল্প অভিযান। এরই অংশ হিসেবে আয়োজিত ‘আঙন কা উৎসব’ কর্মসূচিতে শিশুদের সুস্থ শৈশব ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *