সীমা নির্ধারণ ও মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সুস্মিতা দেব, জাতীয় স্বার্থে দুই বিলকে সমর্থনের আহ্বান

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ বিল (ডিলিমিটেশন বিল) এবং মহিলা সংরক্ষণ বিলের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাংসদ সুস্মিতা দেব। ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, সাংসদ বলেন, এই দু’টি আইন প্রণয়নের উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। তাই এগুলিকে কোনও রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা উচিত নয়।

সোমবার লোকসভায় প্রস্তাবিত দু’টি বিল পেশ হওয়ার কথা। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব বলেন, প্রায় পাঁচ দশক ধরে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া স্থগিত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, লোকসভায় বর্তমানে আসনসংখ্যা নির্ধারিত হয়েছে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে। কিন্তু প্রস্তাবিত নতুন সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় ২০১১ সালের জনগণনাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে। তাঁর কথায়, দেশের বৃহত্তর স্বার্থেই এই পরিবর্তন প্রয়োজন। এই বিল কোনও দলীয় স্বার্থে আনা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল নিয়েও সরব হন সুস্মিতা দেব। তাঁর বক্তব্য, আইনসভায় মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি গত ২৭ বছর ধরে ঝুলে রয়েছে। এবার আর বিলম্ব না করে মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া উচিত।

তিনি রাজনৈতিক দলগুলির প্রতি এই বিলকে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি বিলের বিরোধিতাকারী সাংসদদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন, তাঁদের পক্ষে জনসমক্ষে নিজেদের অবস্থানের যুক্তি তুলে ধরা কঠিন হবে।

সোমবার লোকসভায় প্রস্তাবিত বিল দু’টিকে কেন্দ্র করে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ এবং আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্বের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *