বাজারিছড়া লিটল ফ্লাওয়ার স্কুলে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবিরের সফল সমাপ্তি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট:
বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাজারিছড়া লিটল ফ্লাওয়ার স্কুলে আয়োজিত তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। আসাম বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রকের সৌজন্যে, লোয়াইরপোয়া ব্লকের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং হীরক সংঘের সহযোগিতায় ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের দশম ও একাদশ শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছুটির সময়কে ফলপ্রসূ করে তুলতে এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়। তিন দিনব্যাপী শিবিরে বিজ্ঞানভিত্তিক নানা বিষয় সহজ ও আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করা হয়। হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা শেখানোর পাশাপাশি যুক্তিবোধের বিকাশ, ব্যবহারিক বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ এবং সৃজনশীল চিন্তাশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশ্নোত্তর ও আলোচনা পর্বেও শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক ও আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রকল্প সঞ্চালক গৌরী শঙ্কর চক্রবর্তী এবং বাজারিছড়া লিটল ফ্লাওয়ার স্কুলের অধ্যক্ষ সুজয় পাল। তাঁদের প্রাণবন্ত পাঠদানের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সহজভাবে অনুধাবন করার সুযোগ পায়।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও আয়োজকরা শিক্ষার্থীদের উৎসাহ ও শেখার আগ্রহের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে এমন বিজ্ঞানভিত্তিক কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, যুক্তিবোধ এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় শিক্ষা মহলেও এই বিজ্ঞান শিবির ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট মহলের আশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে এবং বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *