বরাক তরঙ্গ, ১ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ ও বিপ্লবী নেতা শিবদাস ঘোষের স্মরণে শুক্রবার বিকেলে হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডে এক স্মরণসভার আয়োজন করা হয়। এসইউসিআই (সি)-এর হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় দলের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্মরণসভার সূচনায় জেলা সাংগঠনিক কমিটির জেলা ইনচার্জ প্রভাষচন্দ্র সরকার সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, শিবদাস ঘোষ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের অন্যতম বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ। বর্তমান সময়ে অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজন এবং গণতান্ত্রিক অধিকার সংকোচনের বিরুদ্ধে তাঁর আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন এসইউসিআই (সি)-এর অসম রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য। তিনি বলেন, স্বাধীনতার পরও দেশের শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের প্রকৃত মুক্তি এখনও অধরাই রয়ে গেছে। শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কমরেড শিবদাস ঘোষের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি যুবসমাজকে বৃহত্তর সামাজিক স্বার্থে সংগঠিত আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বাণিজ্যিকীকরণ এবং গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণের প্রেক্ষাপটে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই সময়ের দাবি। তিনি কমরেড শিবদাস ঘোষের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের স্বার্থে সংগ্রামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিবদাস ঘোষের চিন্তাধারা কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়; শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে সংগ্রামরত সকল প্রগতিশীল মানুষের জন্য তাঁর শিক্ষা আজও অনুপ্রেরণার উৎস।
স্মরণসভার শেষে উপস্থিত সকলে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিবদাস ঘোষের আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



