ইউসিসি : জোরপূর্বক চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী বললেন এসইউসি রাজ্য সম্পাদক চন্দ্রলেখা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : অসমে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) প্রবর্তনের লক্ষ্যে সরকার চলতি বিধানসভা অধিবেশনে একটি বিল উত্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে সতর্কতামূলক মন্তব্য করেন।

তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধির মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যে তখনই কার্যকর করা সম্ভব, যখন সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এ নিয়ে স্বতঃস্ফূর্ত ঐকমত্য গড়ে উঠবে। জনগণের পূর্ণ সমর্থন ও সম্মতি ছাড়া এমন কোনও আইন জোরপূর্বক চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

চন্দ্রলেখা দাস আরও বলেন, সমাজের সকল সম্প্রদায় ও অংশের মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, যেন অভিন্ন দেওয়ানি বিধি জোর করে প্রবর্তনের পথ পরিহার করা হয় এবং এ বিষয়ে বৃহত্তর জনমতকে প্রাধান্য দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *