অসম বার্তাজীবী সংঘের ৫৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হাইলাকান্দিতে, ৩ ডিসেম্বর জেলা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন অসম বার্তাজীবী সংঘের ৫৩তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের উদ্যোগে জেলা কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। জেলা সভাপতি অনিন্দ্য কুমার নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সংগঠনের দীর্ঘ ইতিহাস ও বিভিন্ন সময়ে সাংবাদিকদের স্বার্থে সংঘের ভূমিকা তুলে ধরেন অসম বার্তাজীবী সংঘের জাতীয় পরিষদের সদস্য রাহুল চক্রবর্তী।

সভায় হাইলাকান্দি জেলায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপদেষ্টা তিলক রঞ্জন দাস, সম্পাদক অনুপম সিংহ, উপসভাপতি অমিতরঞ্জন দাস, মিঠুলাল চৌধুরী এবং নবাগত সদস্য অনিন্দিতা পাল। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রবঞ্জন মালাকার, সন্তোষ দে, সুরজিৎ দে, আবুল কালাম লস্কর, কুনাল সেন, মোস্তফা আহমদ মাঝারভূইয়া, প্রীতম দে প্রমুখ।

এদিনের সভায় হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের বর্তমান কমিটি পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পুনর্গঠনের দিন ধার্য করা হয়। এই উপলক্ষে অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সহ অন্যান্য পদাধিকারীদের উপস্থিত থাকার কথা জানানো হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের আগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কর্মশালায় শুধু সংগঠনের সদস্যরাই নন, হাইলাকান্দি জেলার বিভিন্ন সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচারমাধ্যমে কর্মরত সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে শিলচর ও গুয়াহাটির বিশিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *