বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ত্রিপল মার্ডার কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনলাইন গেমের নেশায় বিপুল পরিমাণ টাকা হারিয়ে ঋণের জালে জড়িয়ে পড়ার সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। তৈলনগরী দুলীয়াজানে গত সোমবার সংঘটিত হয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ড। একই পরিবারের তিন সদস্যকে খুন করে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় ওই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকা রাজু দাস নামে এক যুবক। এই অপরাধে তাকে সহযোগিতা করে আমির দাস নামে আরও এক যুবক।
ইতিমধ্যে পুলিশ নাজিরার শিমলুগুড়ি রেলওয়ে জংশন থেকে রাজু ও আমিরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের জেরায় রাজু স্বীকার করেছে, অনলাইন গেম খেলতে গিয়ে সে বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিল। গেমে টাকা হারানোর পর বাবাকে প্রায় চার লক্ষ টাকা ফেরত দিতে হয়েছিল তাকে। সেই টাকা জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত চন্দ্রকান্ত ভূঞার পরিবারকে নিশানা করে সে।

অভিযোগ, রাজু ও আমির মিলে চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং তাঁদের মেয়ে নীহারিকা ভূঞাকে হত্যা করে বাড়ি থেকে প্রচুর পরিমাণে সোনার অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় দুই অভিযুক্তের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা নগদ, আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) নির্মল ঘোষ জানান, অভিযুক্ত দু’জন গুয়াহাটি হয়ে বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যে যাওয়ার পথেই শিমলুগুড়ি রেলওয়ে জংশন থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পেশায় রাজু মূলত রংমিস্ত্রি, অন্যদিকে আমির একজন প্লাম্বার। এর আগে আমির রাজুর বাবার সঙ্গে কাজ করেছিল বলেও জানান পুলিশ আধিকারিক।

নির্মল ঘোষ বলেন, তদন্তে জানা গিয়েছে, রাজু দাস তার বাবার কাছ থেকে ধার নেওয়া প্রায় চার লক্ষ টাকা অনলাইন গেমে হারিয়ে ফেলেছিল। সেই ঋণ পরিশোধের জন্যই সে ডাকাতির পরিকল্পনা করে এবং আমিরকে সঙ্গে নেয়।
পুলিশের দাবি, ঘটনার আগে প্রায় তিন দিন ধরে দু’জনের মধ্যে ফোনে যোগাযোগ চলছিল। ফোনের মাধ্যমেই তারা ডাকাতি ও হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন সকাল প্রায় ৮টা ৩০ মিনিটে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে। এরপর হাতুড়ি দিয়ে আঘাত করে পরিবারের তিন সদস্যকে হত্যা করে এবং বাড়ির মূল্যবান সামগ্রী লুট করে। দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে তারা ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর প্রথমে গুয়াহাটি এবং সেখান থেকে বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তদন্তের স্বার্থে পুলিশ বিভিন্ন বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে ঘটনার সময় দুই সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে বলে জানান নির্মল ঘোষ। এই অপরাধের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে ডিব্রুগড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার অভিজিৎ গৌরব দিলীপ জানিয়েছিলেন, অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে আক্রমণ চালিয়ে প্রথমে এলিজা ভূঞা, এরপর তাঁর মেয়ে নীহারিকা এবং সবশেষে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকান্ত ভূঞাকে হত্যা করে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ির এক ভাড়াটিয়া ঘরের মালিকের পরিবারের সদস্যদের ছটপুজোর প্রসাদ দিতে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। এরপর তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাড়ির বিভিন্ন ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা দুলীয়াজান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



