রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : পবিত্র কাবার সান্নিধ্য লাভ, মহান আল্লাহর ঘরে হাজিরা দেওয়া এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হজ পালনের স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন বৃহত্তর বাম অঞ্চলের ৪০ জন হজযাত্রী। তাঁদের এই পবিত্র সফরকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ ধর্মীয় বিধানসম্মত করে তুলতে ভাগাবাজার জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ২০২৭ সালের হজ প্রশিক্ষণ শিবিরের। চলতি হজবর্ষে বৃহত্তর বাম অঞ্চল থেকে মোট ৪০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ১২ জন মহিলা ও ২৮ জন পুরুষ রয়েছেন। জানা গেছে, এই হজযাত্রীদের অধিকাংশই কলকাতা এমবারকেশন পয়েন্ট থেকে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন।

যথাযথভাবে হজ সম্পন্ন করার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, প্রস্তুতি ও প্রশিক্ষণ। হজের প্রতিটি আনুষ্ঠানিকতা সম্পর্কে আগাম ধারণা থাকলে সফরকালীন বিভ্রান্তি এড়িয়ে ইবাদতের মূল তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। এই লক্ষ্যেই আগামী হজের পূর্ব মুহূর্ত পর্যন্ত ৪০ জন পুরুষ ও মহিলা হজযাত্রীকে ভাগাবাজার জামে মসজিদে ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার ভাগাবাজার জামে মসজিদের দোতলায় এক সভার মধ্য দিয়ে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। ভাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটির সম্পাদক তথা সোনাই মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের পক্ষে আলতাফ হোসেন লস্কর, সাবির আহমেদ চৌধুরী, কাছাড় জেলা কমিশনার কার্যালয়ের হজ শাখার প্রাক্তন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মিলন উদ্দিন লস্কর, হজ ওয়েলফেয়ার সোসাইটির আলিমুদ্দিন আহমেদ, সোসাইটির সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, জালাল আহমদ মজুমদার এবং মওলানা ইকবাল হোসেন লস্কর আমির হোসেন প্রমুখ।

বক্তারা হজের ধর্মীয় তাৎপর্য ও বিভিন্ন পর্যায়ের বিধিবিধান বিস্তারিতভাবে তুলে ধরেন। ইহরাম বাঁধার নিয়ম, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফা ও মিনায় করণীয়সহ হজের প্রতিটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মক্কা ও মদিনায় অবস্থানকালীন করণীয় ও বর্জনীয়, সৌদি আরব সরকারের নির্ধারিত আইন ও নির্দেশিকা মেনে চলা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, সহনশীলতা ও শৃঙ্খলার পরিচয় দেওয়ার বিষয়ে হজযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন, পবিত্র হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালনের আগে প্রতিটি বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁরা প্রথমবারের মতো হজে যাচ্ছেন, তাঁদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক হবে। কারণ হজের প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে রয়েছে নির্দিষ্ট ধর্মীয় বিধান ও তাৎপর্য। সঠিক প্রশিক্ষণ একজন হজযাত্রীকে শুধু আনুষ্ঠানিকতা পালনে নয়, বরং ইবাদতের প্রকৃত মর্ম উপলব্ধি করতেও সাহায্য করে।
উল্লেখ্য, ভাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের যৌথ উদ্যোগে ২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে এলাকার হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। বিগত বছরগুলোর মতো এবারও সেই উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রমজান মাসের আগ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাগাবাজার জামে মসজিদের দোতলায় প্রশিক্ষণ শিবির চলবে। বৃহত্তর বাম অঞ্চল থেকে নাম নথিভুক্তকারী ১২ জন মহিলা ও ২৮ জন পুরুষসহ মোট ৪০ জন হজযাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।



