
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিবসাগরের ফুলপানিছিগায় পুলিশের গুলিতে নিহত ঘনকান্ত গগৈয়ের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তদন্তকারী আধিকারিকের কার্যালয়ে ঘটনাসংক্রান্ত বিভিন্ন তথ্য, নথিপত্র ও সাক্ষ্য গ্রহণ করা হবে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন দল-সংগঠন এবং সামাজিক কর্মীদের কাছে কোনও তথ্য বা প্রমাণ থাকলে তা তদন্তকারী আধিকারিকের কাছে উপস্থিত হয়ে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের কার্যালয়ের ৪২ নম্বর কক্ষে সকাল ১১টা পর্যন্ত নিজেদের বক্তব্য ও সাক্ষ্য লিপিবদ্ধ করা যাবে। ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য, নথিপত্র কিংবা অন্যান্য প্রমাণ থাকলে তদন্তে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আবেদন জানিয়েছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ভোররাত প্রায় ৩টা ১০ মিনিটে শিবসাগরের ফুলপানিছিগায় পুলিশের গুলিতে নিহত হন ঘনকান্ত গগৈ। পুলিশের দাবি, গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে যাওয়ার পথে ঘনকান্ত পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় তিনি পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালান। পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ঘনকান্ত গগৈ। এই ঘটনায় পুলিশ আধিকারিক দেবাশিস শর্মাও আহত হয়েছিলেন।



