২১ মে : বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সঙ্কট এবং মন্ত্রিসভা রদবদলের বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সকল কেন্দ্রীয় মন্ত্রীকেই দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও অন্যান্য প্রতিমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সরবরাহ এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন। পরিস্থিতির উপর নজর রাখতে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী।
অন্য দিকে, আগামী ১০ জুন মোদী সরকারের তৃতীয় মেয়াদের এক বছর পূর্ণ হতে চলেছে। তার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল বা সম্প্রসারণ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে।
বিভিন্ন মন্ত্রকের কাজের মূল্যায়নও চলছে বলে জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচন রয়েছে তিন বছর পরে। তার আগে কাজে গতি আনতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত রাখতে মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল করা হতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলে।



