সীমান্তে কড়া নজরদারি, রাতভর বিএসএফ ক্যাম্পে টহল খোয়াইয়ের পুলিশ সুপারের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মে : সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এবং অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ যৌথ অভিযান চালাল জেলা পুলিশ ও বিএসএফ। মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন খোয়াই জেলার পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি। অভিযানের অংশ হিসেবে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে জনসংযোগ কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখা এবং নৈশ টহলদারি পরিচালনা করা হয়।

বিকেল প্রায় পাঁচটা নাগাদ বনবাজার এলাকায় আয়োজিত ‘প্রয়াস’ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, খোয়াই এসডিপিও ডি কুদিয়ারাসু, বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এম কে শর্মা এবং চাম্পাহাওড় থানার ওসি। সভায় সীমান্তবাসীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সীমান্ত অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ রুখতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্দেহজনক গতিবিধির খবর দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

পরে উদনাবাড়ি সীমান্ত গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন আধিকারিকরা। রাত সাড়ে ১০টা নাগাদ চামুবস্তি বিওপি এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ নৈশ টহল শুরু হয়। সীমান্তের অবজারভেশন পোস্ট, সিসিটিভি কন্ট্রোল রুম ও কাঁটাতারের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। দীর্ঘ নিরাপত্তা পর্যালোচনার পর পুলিশ সুপার চামুবস্তি বিএসএফ ক্যাম্পেই রাত কাটান। তাঁর এই সক্রিয় উপস্থিতিতে সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *