এবার কাজই কথা বলবে : হিমন্ত

Spread the news

২১ মে প্রথম বিধানসভা অধিবেশন, অধ্যক্ষের দায়িত্বে রণজিৎ জানালেন মুখ্যমন্ত্রী____

বরাক তরঙ্গ, ১৩ মে : হিমন্ত বিশ্ব শৰ্মা সরকারের দ্বিতীয় কার্যকালের আজ প্রথম দিন। প্রথম দিনেই সকালে অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ-কে স্মরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোপীনাথ বরদলৈয়ের স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেন। তিনি বলেন, এবার কাজই কথা বলবে, কথায় নয়। অর্থাৎ কথা কম, কাজ বেশি হবে। গত পাঁচ বছরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা শুরু হয়েছে, সেই ধারাই অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

আজ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। কইনাধরায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে অসমের উন্নয়নের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।

প্রথম দিনেই বিধানসভার অধিবেশনের দিনও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২১ মে থেকে শুরু হবে অসম বিধানসভার অধিবেশন। একইসঙ্গে ২১ মে নবনির্বাচিত বিধায়কেরা শপথ গ্রহণ করবেন বলেও জানান তিনি। নতুন সরকারের প্রথম দিনেই মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ২১ মে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে।

উল্লেখযোগ্যভাবে, এবার অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রণজিৎকুমার দাস-কে। অন্যদিকে, প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রমোহন পাটোয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *