বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল খোয়াই মহকুমাজুড়ে। ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করতেই প্রতিবাদে পথে নামেন তিপ্রা মথা সমর্থিতরা। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে যখন খোয়াই-কমলপুর সড়কের বেহালাবাড়ি এলাকা এবং খোয়াই-আগরতলা জাতীয় সড়কের ছনখলা এলাকায় অবরোধ গড়ে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাম্পাহাওর থানা ও বাইজালবাড়ি থানা এলাকায় পৃথক দুটি ঘটনার পর পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। এর প্রতিবাদে গুরুত্বপূর্ণ দুটি সড়ক হঠাৎ করেই অবরুদ্ধ করে দেন বিক্ষোভকারীরা, যার ফলে মুহূর্তের মধ্যে থমকে যায় যান চলাচল। অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে বিমানযাত্রী, জরুরি চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী এবং নিত্যদিনের যাত্রীবাহী যানবাহন দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়ে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বহু মানুষ সমস্যার সম্মুখীন হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে এখনও এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।



