বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : রঙ্গিয়ায় সংঘটিত হয়েছে মোরাল পুলিশিংয়ের এক চাঞ্চল্যকর ঘটনা। উন্মত্ত জনতার আক্রমণে ধনঞ্জিত কলিতা নামক এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্যদিকে, এই ঘটনায় বিশাল হীরা নামক অন্য এক ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা মতে, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে আক্রমণ করার অভিযোগ উঠেছে। এই আক্রমণেই ধনঞ্জিত কলিতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আঠগাঁওয়ের ধনঞ্জিত কলিতা ও বিশাল হীরা পুজো দেখতে গিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে পুজো দেখতে যাওয়া ধনঞ্জিতের সঙ্গে সংঘটিত এই করুণ ঘটনায় অঞ্চলটিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ রঙ্গিয়া থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পানিতেমার দীপক নামক এক ব্যক্তির নামও আলোচনায় এসেছে।
এই ঘটনা আবারও আইন হাতে তুলে নেওয়া এবং মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।




