বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : কার্বি আংলং জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাংবাং এলাকার একটি পাহাড়ি অঞ্চল থেকে কর্নেলিয়াস কিন্দো নামে ওই শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ভোটকেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তার দেহ পড়ে ছিল।
উল্লেখ্য, কর্নেলিয়াস কিন্দো একজন টেট উত্তীর্ণ শিক্ষক ছিলেন এবং ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কার্বি আংলং ও নগাঁও জেলার সীমান্তবর্তী রংমংবে মণ্ডলের অন্তর্গত ১৯ নম্বর সাপো কাঠার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিয়োজিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নির্বাচন শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ তৈরি হয়। পরে সহকর্মীদের কাছ থেকে জানা যায়, ভোটের দিন শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে প্রায় দশ দিন পর তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



