নবমীর দিনে হৃদয়বিদারক ঘটনা, জিরি নদীতে শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু মহিলা সহ দু’জনেরই

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : মহানবমীর আনন্দঘন পরিবেশে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল জিরিঘাটে। জিরি নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে শিশু সহ এক মহিলার। এই হৃদয়বিদারক ঘটনায় দুর্গাপূজার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরে  জিরি নদীতে স্নান করতে যান অশোক নমশূদ্রের স্ত্রী গৌতমী রায় (২১)। সে সময় নদীতে আরও কয়েকটি শিশুও স্নান করছিল। হঠাৎ তিনি দেখতে পান বছর নয়ের সুরজিৎ নামে এক শিশু ল নদীতে তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি তাকে বাঁচাতে চেষ্টা করেন। এবং শিশুটির সঙ্গে তিনিও জলে নিখোঁজ হয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় আরও কয়েকজন লোক নদীতে নেমে যান।

বেশ কিছুক্ষণ তল্লাশির পর অল্প দূরে দু’জনকে উদ্ধার করেন। এরপর দু্’জনকে জিরিঘাট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক সুরজিৎকে মৃত ঘোষণা করেন এবং গৌতমী রায়কে পয়লাপুল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানের চিকিৎসক গৌতমিকে মৃত ঘোষণা করেন। সুরজিৎ সুজন নমশূদ্রের পুত্র বলে জানা গিয়েছে।

দুই পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জিরিঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি শান্তনু চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি জোগানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *