বরাক তরঙ্গ, ৭ মে : বিদ্রোহী সংগঠন আলফা (স্বাধীন)-কে সহায়তা করার অভিযোগে এক নাগা মহিলাকে গ্রেফতার করেছে চড়াইদেউ জেলা পুলিশ। গ্রেফতার হওয়া মহিলার নাম লিটাও কন্যাক। তিনি নাগাল্যান্ডের টিজিত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আলফা (স্বাধীন)-এ যোগদান করা এক যুবককে সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পথনির্দেশ দিয়েছিলেন ওই মহিলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে চড়াইদেউ জেলা পুলিশ। তদন্তের অগ্রগতিতে লিটাও কন্যাকের নাম সামনে আসার পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, বিদ্রোহী সংগঠনের সদস্যদের চলাচল ও যোগাযোগে সহায়তা করার ক্ষেত্রে ওই মহিলার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে তিনি সরাসরি সংগঠনের সদস্য কি না, অথবা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



