বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং রয়েছে এক শিশুও। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের সীতাপুর জেলার পিসাওয়ান থানা এলাকার হিম্মতনগরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরদোই জেলার রায়পুর খাটেলিতে একটি শিশুর মুণ্ডন অনুষ্ঠান শেষে ট্রাক্টরে চেপে নিজেদের গ্রাম বারগাঁওয়ে ফিরছিলেন প্রায় ২৫ জন। ফেরার পথে পিয়ানি রোডে কোলহাঘাট সেতুর কাছে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।




