৭ মে : মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একমত হয়েছে ইরান ও সৌদি আরব। বুধবার দুই দেশের বিদেশমন্ত্রী এক টেলিফোন সংলাপে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে চিন সফরে থাকা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং থেকেই সউদী বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেন।
আলাপকালে দুই দেশের শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি বা সংঘাতের বিস্তার রোধে সব দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার পথ অব্যাহত রাখার বিষয়েও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নানা চড়াই-উতরাই দেখা দিলেও রিয়াদ ও তেহরান তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই প্রভাবশালী দেশের এই সংলাপে যুদ্ধংদেহী পরিস্থিতির লাগাম টেনে ধরা সম্ভব হতে পারে।



