মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ মে : জনতার আস্থা আরও বাড়ালো বাজারিছড়া পুলিশ।হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়ল বাজারিছড়া পুলিশ।বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, মানুষের ব্যক্তিগত জীবন, প্রয়োজনীয় তথ্য, স্মৃতি এবং দৈনন্দিন কাজের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই হঠাৎ করে একটি মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। বহু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, নথি এবং যোগাযোগের মাধ্যম হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়েন অনেকে। আর ঠিক সেই অসহায় মানুষের মুখে আবারও হাসি ফিরিয়ে দিল বাজারিছড়া পুলিশ। দীর্ঘ তদন্ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে বাজারিছড়া থানার পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো পরে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রিয় মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।জানা গেছে, গত কয়েক মাসে বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারানো ও চুরির একাধিক অভিযোগ জমা পড়ে বাজারিছড়া থানায়। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তিগত ট্র্যাকিং, আইএমইআই নম্বর শনাক্তকরণ এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে একের পর এক মোবাইলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৭টি মোবাইল সেট। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো থানায় এনে যথাযথ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়।



