অসমে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসন বৃদ্ধি, মোট সংখ্যা বেড়ে ৮৩৯

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : চিকিৎসা বিজ্ঞানের ক্লিনিক্যাল শাখায় স্নাতকোত্তর পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর। অসমে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৯-এ। লখিমপুর মেডিক্যাল কলেজ ও ডিফু মেডিক্যাল কলেজে নতুন করে মোট ৪৩টি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসনে অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই অনুমোদনের ফলে রাজ্যে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মোট আসন সংখ্যা ৮৩৯-এ পৌঁছেছে। চিকিৎসা শিক্ষার সম্প্রসারণ, আধুনিক স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অসমে একটি শক্তিশালী, সুলভ ও স্বনির্ভর স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দুই মেডিক্যাল কলেজকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুমোদিত ৪৩টি আসনই ক্লিনিক্যাল বিভাগের। এর মধ্যে লখিমপুর মেডিক্যাল কলেজে সাতটি কোর্সে ২৮টি এবং ডিফু মেডিক্যাল কলেজে চারটি কোর্সে ১৫টি আসন অনুমোদিত হয়েছে।

নতুন অনুমোদিত আসনগুলির মধ্যে রয়েছে এমডি অ্যানেস্থেসিওলজি, এমডি জেনারেল মেডিসিন, এমডি পেডিয়াট্রিক্স, এমডি প্যাথলজি, এমডি রেডিও-ডায়াগনোসিস, এমএস জেনারেল সার্জারি এবং এমএস অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি।

এদিকে, রাজ্যের মন্ত্রী অশোক সিংহলও এই অনুমোদনের কথা জানিয়ে বলেন, লখিমপুর ও ডিফু মেডিক্যাল কলেজে অতিরিক্ত ৪৩টি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসনের অনুমোদন অসমের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে চিকিৎসা শিক্ষার পরিসর আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের পথও প্রশস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *