বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বৃহস্পতিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল মথুরাপুর এফসি ও ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন শ্বাসরুদ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করলো মথুরাপুর এফসি।
খেলার প্রথমার্ধ থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে কেঁপে ওঠে মাঠ। ম্যাচের ২৭ মিনিটে স্ট্রাইকার গিছিম দুর্দান্ত গোল করে মথুরাপুর এফসি দলকে লিড এনে দেন। প্রথমার্ধে কোন গোল করতে পারেনি ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব, ফলশ্রুতিতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মথুরাপুর।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। মাঝমাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে শারীরিক ও কৌশলগত তীব্র লড়াই । দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব তবে কোন গোল করতে সক্ষম হয়নি তারা। এদিকে মথুরাপুর এফসি দলের খেলোয়াড় অরুপ নাইডিং খেলার ৬৭ মিনিটে অসাধারণ একটি গোল করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় অশোক বর্মণ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিদ্বয় আনোয়ার হোসেন লস্কর ও জাবির লস্কর।
এদিনের খেলা পরিচালনা করেন ইজাজ লস্কর, প্রবীণ বর্মণ, আবুল হাসান লস্কর ও নুংশিতম্বী সিংহ। শুক্রবার ‘ডি’ গ্রুপের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করবে আব্দুল এফসি জামালপুর ও আফ্রুজা এফসি আরজানপুর।



