বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মণিপুরের পাটসোই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সাপাম কুঞ্জকেশ্বর সিং শুক্রবার নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ‘কেবা’ নামেই অধিক পরিচিত ছিলেন। স্ত্রী ও চার সন্তানকে রেখে গিয়েছেন তিনি।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং, উপমুখ্যমন্ত্রী লোসি ডিখো, কংগ্রেস বিধায়ক দলের নেতা কেইশাম মেঘচন্দ্র সিং, বিজেপির মণিপুর রাজ্য সভাপতি অধিকারীমায়ুম শারদা দেবী এবং দলের সহ-সভাপতি চিদানন্দ সিং-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাঁরা প্রয়াত বিধায়কের রাজনৈতিক অবদান ও জনসেবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বলেন, সাপাম কুঞ্জকেশ্বর সিং ছিলেন একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ। তাঁর বিনয়ী স্বভাব, জনসেবামূলক কাজ এবং উদার মানসিকতা তাঁকে মণিপুরের মানুষের কাছে বিশেষ সম্মান এনে দিয়েছিল।




