উধারবন্দে ভুতুড়ে বিদ্যুৎ বিল, SDE-র দ্বারস্থ কংগ্রেস

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মিটার রিডিং না নিয়েই গ্রাহকদের কাছে মনগড়াভাবে গড় বিদ্যুৎ বিল পাঠানোর অভিযোগ উঠল উধারবন্দ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (SDE)-এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করল কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিয়মিতভাবে গ্রাহকদের বাড়িতে গিয়ে মিটারের রিডিং সংগ্রহ করছেন না। এর পরিবর্তে অনুমানের ভিত্তিতে গড় বিল তৈরি করে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। ফলে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের পরিমাণের অসামঞ্জস্য দেখা দিচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তাঁরা আর্থিক ও প্রশাসনিক হয়রানির সম্মুখীন হচ্ছেন বলে দাবি কংগ্রেসের।

এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত থেকে প্রাক্তন মন্ত্রী অজিত সিং বিদ্যুৎ বিভাগের এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থে অবিলম্বে বিলিং ব্যবস্থার ত্রুটি সংশোধন করতে হবে। নিয়মিত মিটার রিডিং সংগ্রহ করে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে বিল প্রদানের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তিনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন প্রাক্তন মন্ত্রী।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ বিল সংক্রান্ত এই সমস্যার দ্রুত নিষ্পত্তি এবং গ্রাহকদের হয়রানি বন্ধ করতেই বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আজকের এই কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সেলিম উদ্দিন লস্কর, উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সন্দীপন নন্দী-সহ দলের অসংখ্য নেতা-কর্মী, সমর্থক এবং ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *