বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মণিপুরের কাংলাটংবির নামদিলং নাগা গ্রামে বৃহস্পতিবার ছয় নাগা নাগরিকের হত্যার বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী একাধিক কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলে অভিযোগ। কাংলাটংবি বাজার এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের আশঙ্কায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি নিহত ছয় নাগা নাগরিকের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
এদিকে, প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আইনভঙ্গকারীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে—এমন অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নজরদারি চালিয়ে যাচ্ছে।



