লাল-হলুদের ঐতিহ্য বনাম মিজোরামের আত্মবিশ্বাস, কেসি পাল মেমোরিয়াল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আজ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ফাইনালের টিকিটের লড়াইয়ে আজ ডিএসএ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল দল ইস্টবেঙ্গল ও মিজোরামের আইজল এফসি। কে সি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় তথা শেষ সেমিফাইনালকে ঘিরে ইতিমধ্যেই শ্রীভূমির ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফাইনালের ছাড়পত্র, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার অগণিত ফুটবলপ্রেমী।

শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তবে ইস্টবেঙ্গলের মতো দেশের অন্যতম ঐতিহ্যবাহী দলের অংশগ্রহণ প্রতিযোগিতার আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের ফুটবল মানচিত্রে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করা আইজল এফসিও ফাইনালে পৌঁছতে মরিয়া। ফলে আজকের ম্যাচে দুই দলের কাছেই জয় ছাড়া অন্য কোনও লক্ষ্য নেই।

সুদীপ দাসের মতে, দীর্ঘদিনের ফুটবল ঐতিহ্য, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের চাপ সামলানোর দক্ষতার নিরিখে ইস্টবেঙ্গল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে আইজল এফসির গতি, টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবল লাল-হলুদ শিবিরের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাঁর মতে, মাঝমাঠের দখল এবং গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতাই ম্যাচের ফল নির্ধারণ করবে।

অন্যদিকে খাইরুল আলম চৌধুরীর বিশ্লেষণ, ইস্টবেঙ্গলকে সামান্য এগিয়ে রাখলেও আইজল এফসির জয়ের সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল। তাঁর মতে, ফুটবলে অতীতের গৌরব কিংবা দলের পরিচিতি নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। রক্ষণভাগের সমন্বয়, মাঝমাঠের আধিপত্য এবং আক্রমণে নিখুঁত ফিনিশিংয়ের পাশাপাশি মানসিক দৃঢ়তাও আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
উল্লেখ্য, প্রয়াত কে সি পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা শ্রীভূমির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিভিন্ন প্রান্তের শক্তিশালী দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

আজকের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে প্রত্যাশা তুঙ্গে। লাল-হলুদের ঐতিহ্য কি ফাইনালের পথ প্রশস্ত করবে, নাকি আইজল এফসির লড়াকু ফুটবলে থামবে ইস্টবেঙ্গলের যাত্রা? সেই উত্তর মিলবে ডিএসএ স্টেডিয়ামের সবুজ গালিচায়। শ্রীভূমির ফুটবলপ্রেমীদের নজর এখন একটাই—ফাইনালের দ্বিতীয় টিকিট শেষ পর্যন্ত কার দখলে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *