KC Paul Football : শেষ মুহূর্তের গোলে সমতা, টাইব্রেকারে বাজিমাত শ্রীভূমির

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে আর রক্ষা হল না তাদের। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) মাঠে বৃষ্টিভেজা রুদ্ধশ্বাস সেমিফাইনালে গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে মোহামেডানকে ৪-২ ব্যবধানে পরাজিত করে কে সি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিল স্বাগতিক শ্রীভূমি একাদশ।

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির দাপট থাকলেও ফুটবলপ্রেমীদের উৎসাহে কোনও ভাটা পড়েনি। ছাতা মাথায় নিয়ে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের লড়াই উপভোগ করেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে নামে শ্রীভূমি। ম্যাচের অষ্টম মিনিটেই ইভেঞ্জারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। তাঁর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াতেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। একের পর এক আক্রমণ গড়ে তুললেও শ্রীভূমির সুসংগঠিত রক্ষণভাগ তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে অধিনায়ক বিনীত রাইয়ের দায়িত্বশীল ভূমিকা দলের রক্ষণ ও মাঝমাঠকে শক্তিশালী করে তোলে। ফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে শ্রীভূমি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় কলকাতার দল। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও শ্রীভূমির গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফলে পরিবর্তন আসেনি। তবে অতিরিক্ত সময়ের শেষ পর্যায়ে নাটকীয়ভাবে ম্যাচের চিত্র বদলে যায়। শেষ বাঁশি বাজার আনুমানিক ৫০ সেকেন্ড আগে সায়েনের গোলে সমতা ফেরায় মোহামেডান। ফলে ১-১ গোলে শেষ হয় ম্যাচ এবং নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।

টাইব্রেকারে প্রথম শটে গোল করে মোহামেডান এগিয়ে গেলেও এরপর কার্যত একক আধিপত্য বিস্তার করেন শ্রীভূমির গোলরক্ষক। পরপর তিনটি শট আটকে দিয়ে প্রতিপক্ষের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দেন তিনি। অন্যদিকে শ্রীভূমির ফুটবলাররা নিজেদের শট কাজে লাগিয়ে দলকে ৪-২ ব্যবধানে জয় এনে দেন। ম্যাচে নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ সেভের পাশাপাশি টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্সের জন্য শ্রীভূমির গোলরক্ষকই নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে স্বাগতিক শ্রীভূমির ফাইনালে ওঠা নিঃসন্দেহে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করল।

এদিকে প্রতিযোগিতার অপর সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল ও মিজোরামের আইজল এফসি। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে শ্রীভূমি একাদশের বিরুদ্ধে মাঠে নামবে। ফলে শুক্রবারের সেমিফাইনাল ঘিরেও ইতিমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *